চট্টগ্রামের পটিয়ায় মেয়াদোত্তীর্ণ বেবি ডায়াপারে নতুন মেয়াদ বসিয়ে বাজারজাতের অভিযোগে হাক্কানিয়া পেপার এন্ড পাল্প মিলকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাঁচরিয়া এলাকার হালিম খাঁর চর এলাকায় প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিদেশ থেকে আমদানি করা বেবি ডায়াপার বাজারজাত করে আসছে। এসব ডায়াপারের মূল মেয়াদ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে শেষ হলেও পুরোনো তারিখ মুছে নতুন করে ২০২৭ সালের ফেব্রুয়ারি ও ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ উল্লেখ করা হয়েছে।
এভাবে ভোক্তাদের সঙ্গে প্রতারণার দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ হাজার পিস ডায়াপার কেটে ধ্বংস করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ টাকা।
এদিকে পাঁচরিয়া মোড়ের খাজা হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রান্না ও প্রস্তুতের দায়ে ৫ হাজার টাকা এবং ক্যাফে ফুলবনে খাদ্যপণ্যের মেয়াদ সঠিকভাবে উল্লেখ না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..