সংবাদ শিরোনাম
শাপলা চত্বর ও জুলাই আন্দোলনে পটিয়া মাদ্রাসার অবদান স্মরণ করলেন ধর্ম প্রতিমন্ত্রী
আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। তিনি বলেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে জঙ্গি আখ্যা দিয়ে হয়রানি ও নির্যাতনের দিন এ দেশের মানুষ আর মেনে নেবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রামের পটিয়ার ঐতিহ্যবাহী আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, দাড়ি-টুপি দেখে মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে নির্যাতন করা একটি অপশক্তি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে। দেশের আলেম-ওলামা, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করতে হবে।
তিনি বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনায় হেফাজতে ইসলামের আন্দোলনে পটিয়া মাদ্রাসার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ওই সময় এ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। একইভাবে ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানেও মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের ত্যাগ রয়েছে। এ আন্দোলনে অনেকে চোখ হারিয়েছেন।
পটিয়া মাদ্রাসার ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরে শামীম কায়সার লিংকন বলেন, দীর্ঘ প্রায় ৮৮ বছরের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। মহান মুক্তিযুদ্ধের সময়ও মাদ্রাসাটিতে বোমা হামলার ঘটনা ঘটেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গেও প্রতিষ্ঠানটির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে। দেশের বিদ্যমান সংকট কাটিয়ে উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, ওলামা, মাশায়েখ ও ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন।
আবদুল্লাহ আল নোমান
পটিয়া চট্টগ্রাম