সংবাদ শিরোনাম
পটিয়ায় রেললাইনে মিলল মধ্যবয়সী নারীর মরদেহ
চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের বাহুলী রেলক্রসিংয়ের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। সকাল ১১টা পর্যন্ত নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।
তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ রুটে ভোর ও সকালে একাধিক ট্রেন চলাচল করে। সেগুলোর কোনো একটির নিচে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গত তিন দিন ধরে ওই নারীকে বাহুলী ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। বৃহস্পতিবার বিকেলেও তাঁকে বাহুলী রেলগেট এলাকায় বসে থাকতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ছাড়া তিনি কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকা থেকে এসে সেখানে বসবাস করতেন বলেও ধারণা করছেন কেউ কেউ। তবে তাঁর পরিচয় ও ঠিকানা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাহুলী রেলগেটের গেটম্যান মো. হানিফ জানান, নারীর একটি হাত ও একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলটি রেলগেট থেকে কিছুটা দূরে হওয়ায় প্রথমে বিষয়টি তাঁদের নজরে আসেনি। পরে সকালে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।
পটিয়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি রেলওয়ে পুলিশকে (জিআরপি) জানানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
নিহত নারীর পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানতে রেলওয়ে পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।