সংবাদ শিরোনাম
চুরি করা সিএনজি বিক্রি আনোয়ারায়, পটিয়ায় গ্রেপ্তার চারজন
চট্টগ্রামের পটিয়ায় সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার কচুয়াই ইউনিয়নের আজিমপুর ভাইয়ের দিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা চুরি করা সিএনজিটি আনোয়ারা উপজেলার অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ভাইয়ের দিঘীর পাড় এলাকার মো. জাহিদুল ইসলাম (২৮), মো. মিজান (২৫), মো. জোবায়ের (২৩) ও মো. আব্দুল্লাহ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক আড়াইটার দিকে কচুয়াই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আজিমপুর ভাইয়ের দিঘীর পাড় এলাকায় মো. শহিদুল আলমের বসতবাড়ির সামনে থেকে তার মালিকানাধীন একটি অনটেস্ট বাজাজ থ্রি-হুইলার ফোর-স্ট্রোক সিএনজি অটোরিকশা চুরি হয়। চুরি যাওয়া সিএনজিটির আনুমানিক মূল্য চার লাখ টাকা।
ঘটনার খবর পাওয়ার পর পটিয়া থানার পুলিশ চোরাই সিএনজি উদ্ধারে অভিযান শুরু করে। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, চুরির কয়েক দিন পর তারা ওই সিএনজি আনোয়ারা থানাধীন এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। তবে এখনো চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, “সিএনজি চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। চুরি যাওয়া সিএনজি উদ্ধারের পাশাপাশি এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় ভুক্তভোগী মো. শহিদুল আলমের অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার চারজনকে রোববার (১৩ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।