প্রকাশের তারিখ: Sep 29, 2026
অনলাইন সংবাদপত্র • প্রিন্ট সংস্করণ
khabarpatiya24.com
Website Logo
সংবাদ শিরোনাম প্রিন্টের তারিখ: 29 September 2026
সংবাদ শিরোনাম

পটিয়ায় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু, সম্মাননা পেলেন সফল চাষিরা

পটিয়ায় মৎস্য পক্ষের কর্মসূচি শুরু, সম্মাননা পেলেন সফল চাষিরা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানো, দেশীয় মাছ সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদে উৎসাহ দিতে চট্টগ্রামের পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দেথরের স্বাগত বক্তব্যে সভা সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
সভায় প্রধান অতিথি বলেন, মানুষের পুষ্টি চাহিদা পূরণ থেকে শুরু করে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে মৎস্য খাতের ব্যাপক ভূমিকা রয়েছে। আধুনিক পদ্ধতি অনুসরণ করে মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রাকৃতিক জলাশয় ও দেশীয় প্রজাতির মাছ রক্ষায় কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, পটিয়ায় মৎস্যচাষের সম্ভাবনা রয়েছে। পরিকল্পিতভাবে জলাশয় ব্যবহার, উন্নত জাতের পোনা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা গেলে উৎপাদন বাড়ানোর পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তরুণদের মৎস্য উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও উদ্যোগ নেওয়া দরকার।
মৎস্যসম্পদ সংরক্ষণ প্রসঙ্গে এনামুল হক এনাম বলেন, নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে বিরত থাকা এবং মাছের প্রজননক্ষেত্রগুলো রক্ষা করা সবার দায়িত্ব। জলাশয়ে দূষণ বন্ধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় রেখে মাছ চাষ করতে হবে।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে নির্বাচিত সফল মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়। সেবা মৎস্যচাষি হিসেবে মোজাম্মেল হক চৌধুরী ও এস এম নয়ন এবং সেরা পোনা চাষি হিসেবে শওকত আকবর মুন্নাকে ক্রেস্ট, সনদ ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. সাদ্দাম হোসাইনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, মৎস্যচাষি, পটিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।