সংবাদ শিরোনাম
পটিয়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পটিয়া উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, ভোটাধিকার ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন।
তিনি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনার আন্দোলনে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মনির আহমেদ সেলিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।