সংবাদ শিরোনাম
ইটিপি চালুসহ পরিবেশ সুরক্ষার নির্দেশ, পটিয়ায় ফুলকলি-বনফুল পরিদর্শন
চট্টগ্রামের পটিয়ায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নিরাপদ খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনামের তত্ত্বাবধানে বিশেষ টিম ফুলকলি ও বনফুল কারখানা পরিদর্শন করেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রথমে জঙ্গলখাইন ইউনিয়নের ফুলকলি কারখানা পরিদর্শন করা হয়। এ সময় বর্জ্য ব্যবস্থাপনা ও নির্মাণাধীন ইটিপির অগ্রগতি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইটিপি স্থাপনের কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করে তা চালুর নির্দেশ দেওয়া হয়।
পরে হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া এলাকায় বনফুল কারখানা পরিদর্শন করা হয়। সেখানে উৎপাদন প্রক্রিয়া, পণ্যের ওজন, পরিচ্ছন্নতা, মান নিয়ন্ত্রণ ও ইটিপির কার্যক্রম পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক এনাম বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। পরিবেশ বিধি লঙ্ঘন করে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। ইটিপির কাজ শতভাগ সম্পন্ন ও কার্যকর না হওয়া পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে পরিবেশ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, পুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।