Todays Date : | Bengali
ad728

পটিয়ায় মহালয়া উদযাপন: ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে সম্প্রীতির বার্তা

Reporter information : আবদুল্লাহ আল নোমান
  • News Release Date : Nov 25, 2026
  • How Many People See: 82
Images Caption : চট্টগ্রামের পটিয়ায় মহালয়া উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।


শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে চট্টগ্রামের পটিয়ায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহালয়া। শ্রীশ্রী চণ্ডীপাঠ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনাকে বরণ করে নেন সনাতন ধর্মাবলম্বীরা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ আয়োজন থেকে উঠে আসে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতার বার্তা।

শনিবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে উপজেলার সুচক্রদণ্ডী পল্লী মঙ্গল সমিতি ও শিবমন্দির-সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। বক্তব্যে তিনি বলেন, ‘এ দেশ আমার, আপনার, সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এ দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে দেশ গড়তে হবে।’

তিনি আরও বলেন, দুর্গাপূজা এখন শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়; এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবগুলো যেন আনন্দ, শান্তি ও সৌহার্দ্যের পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। শ্রীশ্রী চণ্ডীপাঠ, দেবী দুর্গার আবাহন ও মঙ্গলকামনার মধ্য দিয়ে ভক্তরা দেবীর আগমনকে বরণ করে নেন। মহালয়াকে ঘিরে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিতেও আসে নতুন উদ্দীপনা।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলদীপ প্রজ্বলন করেন পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা তরুণ কান্তি ভট্টাচার্য্য। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা দেবাশীষ দাশ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এবং পটিয়া পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কল্লোল সেন, অধ্যাপক শিপুল কুমার দে, দিলীপ ঘোষ দীপ, রুবেল দাশ, বাবলা মল্লিক, রূপক শীল ও সুকান্ত তালুকদার।

অনুষ্ঠানে বক্তব্য দেন দেবাশীষ দাশ, বিকাশ দাশ বিষু, অর্জিত দে সাজু, বিপ্লব দাশ অভি, উত্তম দাশ, এরশাদুল আলম, বিকাশ কান্তি মল্লিক, মিলন কান্তি দাশ, মো. মোক্তাদার আলম, মো. জিয়া উদ্দিন নোমান, কাঞ্চন নাথ, নিউটন দে, উজ্জ্বল রুদ্র, শ্যামল দাশ গুপ্ত, দীপক কান্তি শর্মা ও ইউপি সদস্য উত্তম দে। এ সময় পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা ও প্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, মানবিক উদ্যোগ ও সম্প্রীতির আবহে আয়োজিত এ অনুষ্ঠান পটিয়ায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ আরও বাড়িয়ে তোলে।

Print News Photo Card
ad728
Comment Box

Share The News..

More news like this..