দেশে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। দেশের স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের উসকানিতে না জড়িয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিকভাবে মোকাবিলা করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও নিরাপত্তার বিষয়টি বিএনপির কাছে গুরুত্বপূর্ণ। পটিয়ায় নৈরাজ্য বা অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, মফজল আহমদ চৌধুরী, আলহাজ্ব আবুল ফয়েজ, একেএম জসিম উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী, হাজী আবুল কাশেম ও আবদুল মাবুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কৃষক দল, জাসাস, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
পরে এনামুল হক এনামের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পটিয়া পৌর এলাকার সড়ক।
কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..